বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুনিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবু মোল্লা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাবু মোল্লার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাড়াখালি গ্রামের নজরুল শিকদারের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে মাত্র আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে ঢাকায় ফিরছিলেন বাবু মোল্লা। বিদায়ের সময় স্ত্রীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, শিগগিরই ফিরে এসে তাদের নিয়ে যাবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর রাখা হলো না—পথেই থেমে গেল তার জীবনের যাত্রা।
নিহতের বন্ধু মো. খলিল হাওলাদার বলেন, “বাবু ছিল খুব পরিশ্রমী আর ভালো মানুষ। আমরা একসঙ্গে ব্যবসা করতাম। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন।”
শ্বশুর নজরুল শিকদার শোক প্রকাশ করে বলেন, “এভাবে জামাইয়ের মৃত্যুর খবর শুনতে হবে ভাবিনি। আমার মেয়েটা এখনো কিছু জানে না। ছোট নাতনির ভবিষ্যৎ নিয়ে আমরা ভীষণ চিন্তিত।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে স্থানীয়দের তত্ত্বাবধানে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বাগেরহাট প্রতিনিধি 











