মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ২:২৩:০২

বর্ষায় বেহাল রুহিয়া ইউনিয়নের সড়ক: চলাচলের উপযোগী করতে জাকির হোসেন জুয়েলের নিজস্ব উদ্যোগে সংস্কার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
বর্ষায় বেহাল রুহিয়া ইউনিয়নের সড়ক: চলাচলের উপযোগী করতে জাকির হোসেন জুয়েলের নিজস্ব উদ্যোগে সংস্কার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের প্রধান পাড়াসহ বিভিন্ন এলাকার গ্রামীণ কাঁচা সড়ক সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের।

জনভোগান্তির কথা বিবেচনা করে সড়কগুলো চলাচলের উপযোগী করতে নিজস্ব অর্থায়নে ইটের রাবিশ দিয়ে সংস্কারকাজের উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রুহিয়া ইউনিয়নের প্রধান পাড়া ফুলকলি স্কুল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচা সড়কের যেসব স্থানে হাঁটুসমান কাদা জমেছিল, সেসব স্থানে ইটের রাবিশ ফেলে রোলারের মাধ্যমে সমান করে চলাচলের উপযোগী করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব কাঁচা সড়ক সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে এসব পথে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছিল। বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল নিজ খরচে ইটের রাবিশ ফেলে সড়কগুলো চলাচলের উপযোগী করায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, জনগণের দুর্ভোগ দেখে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। রুহিয়ার সাধারণ মানুষ যাতে অন্তত বর্ষাকালে নির্বিঘ্নে বাড়ি থেকে বের হতে পারেন এবং যাতায়াত করতে পারেন, সেজন্য আমার ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষুদ্র প্রচেষ্টা। জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমার সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব বলে মনে করি।

তিনি আরও জানান, রুহিয়া ইউনিয়নের আরও যেসব সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, পর্যায়ক্রমে সেগুলোতেও ইটের রাবিশ ফেলে প্রাথমিকভাবে চলাচলের উপযোগী করে তোলা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward