বাগেরহাটের চিতলমারী উপজেলায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিতলমারীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, জলবায়ু সহনশীল কৃষি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা ও প্রদর্শনীতে অংশ নেন।
প্রধান অতিথি বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে কাজ করা হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাগেরহাট জেলা প্রতিনিধি 















