ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও এক বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (চালক) শাহজাহানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত পৌনে ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১-এর সদস্যরা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সহকারী লোকোমাস্টার পালিয়ে যান বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালানো হয়।
র্যাব-৯ সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল যে ট্রেনটির ইঞ্জিনে মাদক পরিবহন করা হচ্ছে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তল্লাশির বিষয়ে চালককে অবহিত করা হলে তিনি তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন।
পরে অতিরিক্ত র্যাব সদস্য এনে ইঞ্জিনে ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি বস্তার ভেতর থেকে আটটি প্যাকেটে থাকা মোট ১৬ কেজি গাঁজা এবং এক বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে নতুন একজন লোকোমাস্টার নিয়োগ করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
আটক লোকোমাস্টার শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান চলাকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্টেশন মাস্টার নুরুন্নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
















