কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা যুক্ত করছে ওপেনএআই। এবার চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে ‘শিডিউল’ (Schedule) নামের নতুন একটি ফিচার, যার মাধ্যমে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিরতিতে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া যাবে।
ওপেনএআই জানিয়েছে, এই ফিচার শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীদের জন্য নির্ধারিত সময়ে রিমাইন্ডার পাঠানো, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে নিয়মিত হালনাগাদ তথ্য জানাতেও সক্ষম হবে এটি।
নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এককালীন কিংবা নিয়মিত বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী টাস্ক সম্পাদনা, সাময়িকভাবে স্থগিত রাখা বা সম্পূর্ণ বাতিল করার সুযোগও থাকবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালুর ফলে চ্যাটজিপিটি শুধু কথোপকথনের মাধ্যম নয়, বরং আরও কার্যকর ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে। ব্যবহারকারী চাইলে নতুন পণ্য উন্মোচন, গুরুত্বপূর্ণ কোনো আয়োজনের অগ্রগতি বা নির্দিষ্ট বিষয়ের সর্বশেষ তথ্য পর্যবেক্ষণের দায়িত্বও চ্যাটজিপিটিকে দিতে পারবেন।
ফিচারটি ব্যবহারের জন্য চ্যাটজিপিটির ওয়েব ও মোবাইল অ্যাপের সাইডবারে ‘শিডিউল’ নামে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। এখান থেকে নতুন টাস্ক তৈরি, বিদ্যমান টাস্ক পর্যবেক্ষণ, সময় পরিবর্তন, বিরতি দেওয়া কিংবা মুছে ফেলার কাজ করা যাবে।
ওপেনএআই আরও জানিয়েছে, টাস্ক তৈরির প্রক্রিয়া সহজ রাখা হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি শিডিউল পেজ থেকে নতুন নির্দেশনা যোগ করতে পারবেন। আবার চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময়ও নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া যাবে।
তবে এই সুবিধা পুরোপুরি ব্যবহার করতে ওয়েব ব্রাউজার ও মোবাইল ডিভাইসে নোটিফিকেশন চালু রাখতে হবে। নোটিফিকেশন সক্রিয় থাকলে নির্ধারিত সময়ে চ্যাটজিপিটি নিজেই প্রয়োজনীয় রিমাইন্ডার, তথ্য বা আপডেট পাঠাবে। ফলে বারবার অ্যাপ খুলে তথ্য খোঁজার প্রয়োজন হবে না।
প্রাথমিকভাবে ‘শিডিউল’ ফিচারটি অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারী গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে এই সুবিধা আরও উন্নত হয়ে ব্যক্তিগত সময় ব্যবস্থাপনা ও দৈনন্দিন কাজের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আইটি ডেস্ক 






















