মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোংলা উপজেলা ও পৌর বিএনপি।
রোববার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান ওসি মোংলা থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অনেক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া কাগজপত্রবিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির অংশ হিসেবে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ রাখা এবং চুরি-ছিনতাই প্রতিরোধে গভীর রাতে অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছেন ওসি। তার এসব কার্যক্রমে ক্ষুব্ধ একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আবু হোসেন পনি অভিযোগ করেন, দলের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রম এবং মোংলা থানা পুলিশের তৎপরতা মেনে নিতে পারছে না। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন পৌর মার্কেট চত্বরে পৌর বিএনপির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে ওই মানববন্ধনে পৌর বিএনপির কোনো দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অন্য রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী কিছু ব্যক্তিও এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের চিহ্নিত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের উচ্চপর্যায়ে দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতা ফারুক হাওলাদার, খানজাহান আলী সরদার, রাকিকুল ইসলাম রাকিব, সেলিম মোল্লা, মো. আলম, আবু সাইদ, নজরুল ইসলাম তালুকদার, মারুফ বিল্লাহ, উপজেলা যুবদল নেতা সুজন মোল্লা ও সাইফুল শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ শেখ ও জুয়েল ফকির, ছাত্রদল নেতা নাসির মুসাল্লী, পৌর বিএনপি নেতা গোলাম নুর জনি, পৌর যুবদল নেতা এম এ কাশেম, রেজাউল কবির শুভ, মো. ইকবাল এবং পৌর ছাত্রদল নেতা মীর সাগর ও মো. সেহানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

























