কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের লক্ষ্যে ‘SpeakUP: Building Voices, Inspiring Impact’ শীর্ষক একটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এবং -এর যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হাসান। তিনি ‘Public Speaking & Presentation Mastery’ বিষয়ে আলোচনা করেন। এ সময় কার্যকর উপস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শ্রোতাদের সঙ্গে সফলভাবে সংযোগ স্থাপনের বিভিন্ন আধুনিক কৌশল শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ আহমেদ। তিনি ‘Boosting Your Spoken English Through BP Debate’ বিষয়ে বক্তব্য দেন। ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্কের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং যুক্তি উপস্থাপনের কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি নাজমুস সাকিব বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং সেই জ্ঞান আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত প্রেজেন্টেশন দক্ষতা ভবিষ্যৎ শিক্ষা, চাকরি এবং নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস সাদি বলেন, “ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং নিজের মতামত সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য নিয়মিত বিতর্কচর্চার কোনো বিকল্প নেই। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী ভাষাগত দক্ষতার পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনা ও যুক্তি বিশ্লেষণের সক্ষমতা অর্জন করে। এই ধারাবাহিক চর্চা শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তুলবে।”
kalprakash.com/SAS
কুবি প্রতিনিধি 


















