নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নাটোর থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে আসা আমবোঝাই একটি ট্রাক আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা জীবন আলী ও হিরা নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সাইফুল ইসলাম।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, নিহত জীবন আলী ও হিরার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি 

















