আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদযাত্রার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৪ মে) বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে ১৭ মে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
টিকিট বিক্রির ক্ষেত্রে শুধুমাত্র রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 























