পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান অবস্থান করছে—এমন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত’ বলে প্রত্যাখ্যান করেছে।
এর আগে একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পাকিস্তান নীরবে ইরানি সামরিক বিমানকে তাদের ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছে। এমনকি ওই প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন হামলা থেকে বিমানগুলোকে “সুরক্ষা” দিচ্ছে ইসলামাবাদ।
তবে এসব দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অনুমানভিত্তিক তথ্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে বর্তমানে অবস্থানরত ইরানি বিমানগুলো যুদ্ধবিরতির সময়কালীন পরিস্থিতির অংশ এবং এর সঙ্গে কোনো ধরনের সামরিক প্রস্তুতি বা সুরক্ষার বিষয় জড়িত নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এসব প্রতিবেদন বাস্তব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ অনুমাননির্ভর।
সূত্র: আল-জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক 

























