স্বামী যদি তালাক দেওয়ার নিয়ত ছাড়াই স্ত্রীকে শাসন বা ধমক দেওয়ার উদ্দেশ্যে বলেন, তোমার সঙ্গে ব্রেকআপ কিংবা তুমি আমার বউ নও—তাহলে কি এসব কথার মাধ্যমে তালাক কার্যকর হবে?
ইসলামি শরিয়তে ‘তোমার সঙ্গে ব্রেকআপ’ এবং ‘তুমি আমার বউ নও’—এ ধরনের বাক্য কেনায়া বা ইঙ্গিতপূর্ণ তালাকের অন্তর্ভুক্ত। এসব বাক্যের মাধ্যমে তালাক কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করে স্বামীর নিয়ত এবং কথোপকথনের প্রাসঙ্গিক পরিস্থিতির ওপর।
প্রশ্নে উল্লেখিত পরিস্থিতিতে স্বামী যদি সাধারণ ঝগড়ার সময় তালাক দেওয়ার কোনো ইচ্ছা ছাড়াই শুধু স্ত্রীকে শাসন বা ধমক দেওয়ার উদ্দেশ্যে এসব কথা বলে থাকেন এবং তখন তালাক নিয়ে কোনো আলোচনা চলমান না থাকে, তাহলে এসব কথার কারণে তালাক কার্যকর হবে না। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক আগের মতোই বহাল থাকবে।
তবে তালাক নিয়ে আলোচনা চলাকালে, যেমন স্ত্রী তালাক চাইছেন বা স্বামী-স্ত্রীর মধ্যে তালাকের বিষয়ে কথাবার্তা হচ্ছে—এমন পরিস্থিতিতে স্বামী যদি এসব কথা বলেন, তাহলে এর মাধ্যমে তালাকে বায়েন কার্যকর হতে পারে।
তালাকে বায়েন কার্যকর হলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে তাঁরা আবার সংসার করতে চাইলে নতুন করে বিয়ে করতে হবে। এ ক্ষেত্রে স্বামীর হাতে অবশিষ্ট থাকবে দুই তালাকের অধিকার।
kalprakash.com/sd