খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এতে একটি পিকআপের সিটসহ ভেতরের অংশ পুড়ে গেছে। অন্য পিকআপটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনার পর এখনো গাড়ির মালিকদের খুঁজে পায়নি পুলিশ।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল দল দায়িত্ব পালন করছিল। এর মধ্যেই মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি দুটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।