বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে নিরাপদে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী।
গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন ওই নারী। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।
পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।