মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
তিনি বলেন, মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এ কারণে অনেককে কারাগারে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে সব মতের মানুষ নিরাপদ। তবে যারা গত ১৭ বছর অপকর্ম করেছে, তাদের কারাগারে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন সদর রোডে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। যুবদলও ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন এবং নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
kalprakash.com/IM