অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেছেন? তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দিতে না গেলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়নে ইতিমধ্যে সিস্টেম ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে না এলে সিস্টেম থেকেই আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর ফলে অনলাইনে আবেদন করেও বায়োমেট্রিক সম্পন্ন না করা ব্যক্তিদের আবেদন আর অনির্দিষ্টকাল সিস্টেমে ঝুলে থাকবে না। তবে কত দিনের মধ্যে বায়োমেট্রিক দিতে হবে, তা সংশ্লিষ্ট নির্দেশনায় নির্ধারণ করা হবে।
৩১ অক্টোবরের মধ্যে সরাতে হবে পুরোনো ভোটার ফরম
এদিকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসগুলোতে দীর্ঘদিন ধরে সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম এবং গোডাউনে থাকা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসগুলোতে সংরক্ষিত স্ক্যান ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম-২ এবং গোডাউনে থাকা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের নিয়মেই সংশ্লিষ্ট অফিসে রাখতে হবে। অর্থাৎ, পুরোনো নথি নিষ্পত্তির নির্দেশনা থাকলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত ফরমগুলো এর আওতামুক্ত থাকবে।
কাগজপত্র নিষ্পত্তিতে মানতে হবে বিশেষ নির্দেশনা
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির সময় সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থাৎ, নথিগুলো যত্রতত্র ফেলে দেওয়া বা অন্য কোনোভাবে নিষ্পত্তি না করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ভোটার নিবন্ধনের আবেদন ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং নির্বাচন অফিসগুলোতে দীর্ঘদিনের জমে থাকা নথি ও অপ্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
kalprakash.com/IM