জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, এনআইডি সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও পাওয়া যাচ্ছে, এমন তথ্য জানার পর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনসংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে, এ মর্মে নির্দেশনা জারি করতে হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আরও গতিশীল করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনআইডি সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচয়পত্র সংশোধন কার্যক্রমে অননুমোদিত প্রবেশ ঠেকাতে কমিশনের এ উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
kalprakash.com/IM