ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানা অনেক সময় পরে পরিবর্তনের প্রয়োজন হয়। পুরনো ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, নিরাপত্তা বাড়ানো কিংবা নতুন ই-মেইল ব্যবহারের কারণে ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল ঠিকানা বদলাতে চান অনেক ব্যবহারকারী।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য কাজটি সহজ করেছে মেটা। অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে নতুন ই-মেইল যুক্ত করার পাশাপাশি পুরনো ই-মেইল সরিয়ে ফেলা যায়। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
নতুন ই-মেইল যুক্ত করবেন যেভাবে
প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন।
সেখান থেকে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে পার্সোনাল ডিটেইলস অপশনে যান। এরপর কন্ট্যাক্ট ইনফো নির্বাচন করলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাগুলো দেখা যাবে।
নতুন ই-মেইল যুক্ত করতে অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে অ্যাড ই-মেইল অ্যাড্রেস নির্বাচন করুন। এরপর যে ই-মেইল ঠিকানা যুক্ত করতে চান, সেটি লিখে কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে, তা নির্বাচন করুন।
এরপর ফেসবুক ওই ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। ই-মেইলে পাওয়া কোডটি নির্ধারিত ঘরে লিখে নেক্সট চাপুন। প্রক্রিয়া সম্পন্ন হলে ক্লোজ নির্বাচন করুন। এভাবেই নতুন ই-মেইল ঠিকানা ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
পুরনো ই-মেইল সরাবেন যেভাবে
নতুন ই-মেইল যুক্ত করার পর চাইলে পুরনো ই-মেইল ঠিকানা অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিতে পারবেন।
এ জন্য আবার কন্ট্যাক্ট ইনফো বিভাগে গিয়ে যে ই-মেইল ঠিকানা মুছে ফেলতে চান, সেটি নির্বাচন করুন। এরপর ডিলিট ই-মেইল অপশনে ক্লিক করে মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করুন।
নিরাপত্তার জন্য এ সময় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট এবং পরে ক্লোজ চাপলে পুরনো ই-মেইল ঠিকানা অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে।
ই-মেইল পরিবর্তনের আগে যা জানা জরুরি
ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল যুক্ত করার আগে নিশ্চিত হয়ে নিন, ই-মেইলটি সক্রিয় এবং সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে রয়েছে। কারণ ভবিষ্যতে পাসওয়ার্ড পুনরুদ্ধার, নিরাপত্তা যাচাই কিংবা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের ক্ষেত্রে এই ই-মেইল ব্যবহার করা হতে পারে।
এ ছাড়া অ্যাকাউন্টস সেন্টার থেকেই ই-মেইলসংক্রান্ত বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন অনুযায়ী কোন ই-মেইল প্রাইমারি হিসেবে ব্যবহৃত হবে এবং সেটি অন্যদের কাছে দৃশ্যমান হবে কি না, সেসব বিষয়ও নির্ধারণ করা সম্ভব।
kalprakash.com/IM