বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা ইন্দোনেশিয়ার বালিতে শুটিং ও ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পেশাগত কাজের তাগিদে বালিতে যান নুসরাত। কাজ শেষে বাড়তি কিছুদিন সেখানে অবকাশ যাপনের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু এরই মধ্যে হঠাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।
সঙ্গে সঙ্গেই তাঁকে বালির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রথমে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেও আঘাতের তীব্রতা নিয়ে অস্পষ্টতা ছিল। পরে অভিনেত্রীর জনসংযোগ (পিআর) টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নুসরাতের মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরেছে।
শারীরিক পরিস্থিতি বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে অবিলম্বে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই নুসরাতের ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে সবার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি ভক্তদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সংবেদনশীল মুহূর্তে নুসরাতের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তাঁর সুস্থতা কামনায় যাঁরা বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। পিআর টিম নিশ্চিত করেছে, খুব শিগগিরই তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানানো হবে।
kalprakash.com/IM