বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকাকে ভুলে যেতে কতদিন লাগে? অনেকেই ভাবেন কয়েক মাস বা এক-দুই বছর। তবে যুক্তরাষ্ট্রের এক গবেষণা বলছে, দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে সাবেক সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে গড়ে প্রায় আট বছর সময় লাগতে পারে।
সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণা পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণায় ৩০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক অংশ নেন, যাঁদের অন্তত দুই বছর স্থায়ী সম্পর্ক কয়েক বছর আগে শেষ হয়েছিল। অংশগ্রহণকারীদের বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পার হলেও অনেকেই জানিয়েছেন, সাবেক সঙ্গীর প্রতি কিছুটা আবেগ তখনও রয়ে গেছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, সাবেক সঙ্গীর প্রতি আবেগ অর্ধেকে নেমে আসতে গড়ে ৪ দশমিক ১৮ বছর লাগে। আর আবেগগতভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হতে সময় লাগে গড়ে প্রায় আট বছর।
তবে সবার ক্ষেত্রে সময়টা এক নয়। কেউ তুলনামূলক দ্রুত কাটিয়ে উঠলেও, অনেকের মধ্যে কয়েক বছর পরও সাবেক সঙ্গীর প্রতি এমন অনুভূতি থাকে, যা একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের প্রতি অনুভূতির চেয়ে বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলে সেই আবেগ কাটিয়ে ওঠার প্রক্রিয়া ধীর হতে পারে। তবে নতুন সম্পর্কে জড়ালেই যে পুরোনো সম্পর্ক দ্রুত ভুলে যাওয়া যাবে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া যাঁদের মধ্যে উদ্বেগপ্রবণতা বেশি, তাঁদের ক্ষেত্রে সাবেক সঙ্গীকে ভুলতে তুলনামূলক বেশি সময় লেগেছে। অন্যদিকে, যেসব সাবেক দম্পতির সন্তান রয়েছে, তাঁদের ক্ষেত্রে শুরুতে আবেগের বন্ধন বেশি থাকলেও দীর্ঘমেয়াদে তা তুলনামূলক দ্রুত কমে আসতে পারে।
kalprakash.com/IM