পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে এলে অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। এতে বুকে জ্বালাপোড়া, মুখে টক স্বাদ এবং খাবার খাওয়ার পর অস্বস্তি হতে পারে। যাদের নিয়মিত এ সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিছু খাবার ও দৈনন্দিন অভ্যাস পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে অ্যাসিডিটির অস্বস্তি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন কয়েকটি অভ্যাস এড়িয়ে চলা জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।
১. দীর্ঘক্ষণ না খেয়ে একসঙ্গে বেশি খাবার খাওয়া
অনেকক্ষণ না খেয়ে থাকার পর একসঙ্গে অতিরিক্ত খাবার খেলে পাকস্থলীর ওপর চাপ পড়ে। এতে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়তে পারে। তাই দীর্ঘ সময় না খেয়ে না থেকে নিয়মিত বিরতিতে পরিমিত খাবার খাওয়ার অভ্যাস করুন। ধীরে ধীরে খাবার খান এবং ভালোভাবে চিবিয়ে নিন। পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া শেষ করা ভালো।
২. অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার খাওয়া
সমুচা, পুরি, পাকোড়া, ডুবো তেলে ভাজা খাবার কিংবা অতিরিক্ত চর্বিযুক্ত তরকারি অনেকের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী থেকে খাবার খালি হওয়ার প্রক্রিয়া ধীর করতে পারে। ফলে রিফ্লাক্সের লক্ষণ তীব্র হতে পারে।
এ ধরনের সমস্যা এড়াতে অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার সীমিত করুন। এর পরিবর্তে গ্রিল করা, ভাপে সেদ্ধ বা হালকাভাবে রান্না করা খাবার বেছে নিতে পারেন।
৩. অতিরিক্ত ঝাল ও মসলাদার খাবার খাওয়া
মসলাদার কারি, চাটনি কিংবা অতিরিক্ত মরিচযুক্ত খাবার কারো কারো ক্ষেত্রে বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে। তবে সব মানুষের শরীরে মসলার প্রভাব একরকম নয়।
ঝাল খাবার খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা বাড়লে খাবারে মরিচ ও কড়া মসলার ব্যবহার কমিয়ে দিন। কোন খাবার খেলে সমস্যা হচ্ছে, তা খেয়াল রেখে খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনুন।
৪. অতিরিক্ত মিষ্টি ও চকোলেট খাওয়া
কেক, চকোলেট, মিষ্টি এবং ভারী ডেজার্ট অতিরিক্ত পরিমাণে খেলে অনেকের হজমে অস্বস্তি ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ভারী খাবারের পরপরই এসব খাবার খেলে সমস্যা বাড়তে পারে।
কিছু মানুষের ক্ষেত্রে চকোলেট রিফ্লাক্সের লক্ষণ বাড়িয়ে দেয়। তাই একবারে বেশি মিষ্টি না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাসও বাদ দিন।
৫. অতিরিক্ত চা, কফি ও কোমল পানীয় পান করা
চা, কফি এবং কার্বোনেটেড বা গ্যাসযুক্ত পানীয় অনেকের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। এসব পানীয়ের কারণে কারো কারো ঢেকুর, পেট ফাঁপা ও বুকে জ্বালাপোড়া দেখা দেয়। বিশেষ করে খালি পেটে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে অস্বস্তি বাড়তে পারে।
এ সমস্যা এড়াতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন। চা, কফি কিংবা কোমল পানীয় খাওয়ার পর অস্বস্তি হলে সেগুলোর পরিমাণ কমিয়ে দিন। পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে শরীরের সহনশীলতা অনুযায়ী পরিমিত পান করাই ভালো।
৬. রাতে খাবার খেয়েই ঘুমাতে যাওয়া
রাতে ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসার আশঙ্কা বাড়ে। বিশেষ করে যাদের নিয়মিত রাতে বুক জ্বালাপোড়ার সমস্যা হয়, তাদের জন্য এ অভ্যাস ক্ষতিকর হতে পারে।
তাই ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করুন। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকুন বা হালকা হাঁটাহাঁটি করুন। রাতে রিফ্লাক্সের সমস্যা হলে বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে ঘুমানোও উপকারী হতে পারে।
৭. চিকিৎসার পরিবর্তে ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর করা
অ্যাসিডিটির সমস্যা কমাতে অনেকে লেবুপানি, ভিনেগার কিংবা পুদিনাপাতার পানীয় পান করেন। কিন্তু এসব ঘরোয়া পদ্ধতি সবার ক্ষেত্রে কার্যকর নয়। বরং লেবুর রস ও ভিনেগারের অম্লীয় উপাদান এবং পুদিনা কিছু মানুষের রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
তাই ঘরোয়া প্রতিকারের ওপর পুরোপুরি নির্ভর না করে সমস্যার কারণ শনাক্ত করা জরুরি। ঘনঘন অ্যাসিডিটি হলে বা নিয়মিত অ্যান্টাসিড ওষুধের প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘস্থায়ী সমস্যা অবহেলা না করে যথাযথ চিকিৎসা নেওয়াই সবচেয়ে ভালো।
kalprakash.com/sd