পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানার পুলিশ রাধানগর ইউনিয়নের বোডবাজার এলাকার ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মো. মোস্তফা কামালের ছেলে মো. সবুজ (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আটোয়ারী থানাধীন পল্লীবিদ্যুৎ মোড় থেকে বোদা বাজারগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাধানগর ইউনিয়নের বোডবাজারের পূর্ব পাশে ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি পুরোনো মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM