আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ফের এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বরের চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাইপূর্বক ইস্যু ও নিষ্পত্তি করতে হবে।
এদিকে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি।
যেভাবে আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করবেন
১. আবেদন ফরম গ্রহণ ও দাখিল: আবেদনকারী ভোটাররা উপজেলা বা থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে সরাসরি আগের নিয়ম অনুযায়ী স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন।
২. অনলাইন লিংকের মাধ্যমে: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের লিংক সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনেও স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
৩. যাচাই-বাছাই ও নিষ্পত্তি: আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয় তথ্য যাচাই-বাছাই করে স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করবে এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ বা ইস্যু করবে।
সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের সমগ্র স্থানান্তর কার্যক্রম সঠিকভাবে তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।
kalprakash.com/IM