ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জয় করেছেন। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন। গত আসরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে জোহেইরি মোলাকে প্রশ্ন করা হয়, আপনি নিজ দেশে কোন ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগটি গ্রহণ করেছেন এবং মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে সেটি আরও বিস্তৃত করবেন? উত্তরে দোমিঙ্গেস সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত তাঁর নিজস্ব ইংরেজি শেখার প্ল্যাটফর্ম ‘ভয়েস অব টুমোরো’ উদ্যোগটির কথা তুলে ধরেন এবং বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা প্রসারে কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।
জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেছিলেন। সেই জাতীয় আসরে বিজয়ী হওয়ার সুবাদেই তিনি বৈশ্বিক মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্বের সুযোগ পান। ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত মুখ জোহেইরি শিক্ষকতা, সাংবাদিকতা ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এখন থেকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন দাতব্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ‘বিউটি উইথ আ পারপাস’ বিশ্বব্যাপী প্রচার অভিযানের অফিশিয়াল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগী তানুসিয়া চেট্টি।
kalprakash.com/IM