দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি।
স্টেডিয়ামে অবতরণের পর রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। পরে সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, শহরের কালীবাড়ির নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ ছাড়া সফরকালে তিনি মা-বাবার কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার সকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে নিজ বাসভবনে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেলেই হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
kalprakash.com/IM