দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি সেখানেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে এক আনন্দঘন আড্ডায় মেতেছিলেন তিনি। তাসকিন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি ঘরোয়া বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তাঁর ভাইয়ের বাসায় তাসকিন আহমেদের সঙ্গে এই চমৎকার পারিবারিক সাক্ষাতের সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল অত্যন্ত উৎসবমুখর।
তাসকিন ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে কাটানো সময়টা সত্যিই অনেক সুন্দর ছিল।’
জাতীয় দলের হয়ে তাসকিনের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসাও করেন ঢালিউডের এই তারকা অভিনেত্রী। তাসকিনকে দেশের রত্ন হিসেবে অভিহিত করে শাবনূর বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব এবং এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও সামনে আরও অনেক বড় সাফল্য কামনা করি।’
সামাজিক মাধ্যমে দুজনের এই মিষ্টি মুহূর্তের ছবিগুলো প্রকাশের পর থেকেই চলচ্চিত্র ও ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
kalprakash.com/IM