বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:১০

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিক লীগ নেতা হাতকাটা কাশেমের ৫ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৩
শেয়ার: mail
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিক লীগ নেতা হাতকাটা কাশেমের ৫ দিনের রিমান্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে হাতকাটা কাশেমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) আসামির উপস্থিতিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ রিমান্ড আদেশ দেন।

এদিন সকালে কাশেমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিক লীগ নেতা হাতকাটা কাশেমের ৫ দিনের রিমান্ড

বিস্তারিত কমেন্টে