রেড কার্পেটে নারী ভক্তের অনাকাঙ্ক্ষিত চুমুকাণ্ডে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানস্থলে এক নারী ভক্ত সেলফি তোলার অনুরোধ নিয়ে নিকিতার কাছে আসেন। অভিনেত্রী সানন্দে সাড়া দিলে সেলফি তোলার পরপরই ওই নারী প্রথমে নিকিতার গালে এবং পরে তাকে টেনে ধরে ঠোঁটে চুমু দেন। আকস্মিক এই ঘটনায় অভিনেত্রী দৃশ্যতই হকচকিয়ে যান এবং ভক্তকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীরা এসে সরিয়ে নেওয়ার আগমুহূর্ত পর্যন্ত ওই নারী নিকিতাকে জড়িয়ে ধরে রাখেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত সীমানা লঙ্ঘন ও তারকার শারীরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ একে প্রচারের কৌশল বা ‘পিআর স্টান্ট’ বললেও অধিকাংশ অনুরাগী অভিনেত্রীর প্রতি সংহতি প্রকাশ করেছেন।
ঘটনার পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে এক সহানুভূতির বার্তা শেয়ার করে নিকিতা রাওয়াল লেখেন, ‘এত ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি কোনো অন্যায় করিনি, তাই লুকানোরও কিছু নেই। আমি সর্বদা সত্যের পাশেই থাকব।’
বলিউডের ‘গরম মসলা’, ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ এবং দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ নিকিতা রাওয়ালকে শিগগিরই আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পান্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ চলচ্চিত্রে দেখা যাবে।
kalprakash.com/IM