বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০১:০৩

যে মসজিদের দেয়ালে নেই একটিও পোড়া ইট!

মোস্তাফিজুর রহমান আকাশ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
যে মসজিদের দেয়ালে নেই একটিও পোড়া ইট!

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাতে দেশে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার দিন দিন জরুরি হয়ে উঠছে। এমন বাস্তবতায় পোড়া ইটের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ‘হলো ব্লক’ (Hollow Block) দিয়ে তৈরি ব্যতিক্রমী এক মসজিদ নির্মাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামে অবস্থিত ১ হাজার ৯০০ বর্গফুট আয়তনের এই ‘মাদারগঞ্জ জামে মসজিদ’ গঠনে ব্যবহার করা হয়নি একটিও প্রচলিত পোড়া ইট। ইএসডিও-র নিজস্ব অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ দৃষ্টিনন্দন মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন।

প্রকল্প সূত্রে জানা যায়, মসজিদটি নির্মাণে প্রচলিত ইটের বদলে প্রায় ২ হাজার ৬০০টি পরিবেশবান্ধব হলো ব্লক ব্যবহার করা হয়েছে। পরিমাপের দিক থেকে একটি হলো ব্লক চারটিকে প্রচলিত পোড়া ইটের সমান কাজ করে। অর্থাৎ, এই স্থাপনায় প্রায় ১০ হাজার ৪০০টি প্রচলিত ইটের ব্যবহার সাশ্রয় করা সম্ভব হয়েছে। যা মাটি ও বাতাসের মারাত্মক দূষণ রোধের একটি প্রত্যক্ষ উদাহরণ।

স্থানীয় মুসল্লি আব্দুল লতিফ, মুনসুর আলী ও দুলাল হোসেন জানান, পোড়া ইট ছাড়া এভাবে পরিবেশবান্ধব বিকল্প উপকরণ দিয়ে এত সুন্দর ও মজবুত মসজিদ তৈরি হতে পারে—তা আগে তাঁদের ধারণাতেই ছিল না। ইএসডিও এই মসজিদ নির্মাণের মাধ্যমে তাঁদের এলাকাকে একটি নতুন পরিবেশবান্ধব চিন্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম ইএসডিও-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধর্মীয় প্রয়োজন পূরণের পাশাপাশি এ স্থাপত্যটি স্থানীয় মানুষের সামনে পরিবেশবান্ধব বাড়িঘর ও ভবন নির্মাণের এক নতুন দৃষ্টান্ত তুলে ধরছে। এতে উৎসাহিত হয়ে অনেকে নতুন স্থাপনায় হলো ব্লক ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

এ প্রসঙ্গে ইএসডিও-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের এই যুগে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে নির্মাণ খাতের দূষণ কমানো আবশ্যক। পরিবেশবান্ধব প্রযুক্তি কেবল তত্ত্ব ও আলোচনার মধ্যে না রেখে বাস্তবে তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। মাদারগঞ্জ জামে মসজিদ প্রমাণ করে যে পোড়া ইট ছাড়াই সুন্দর ও দীর্ঘস্থায়ী স্থাপনা গড়া সম্ভব।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যে মসজিদের দেয়ালে নেই একটিও পোড়া ইট!

বিস্তারিত কমেন্টে