গোপালগঞ্জে সাম্প্রতিক আন্দোলনে অর্থায়ন ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তালিকায় রয়েছেন ৯৭ ব্যক্তি এবং চারটি করদাতা কোম্পানি। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা, সাবেক আমলা ও জনপ্রতিনিধিরাও রয়েছেন।
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা এবং সরকারদলীয় এক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অবরোধের কারণে খুলনার সঙ্গে ঢাকার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনাগুলো খতিয়ে দেখতে মাঠে নামে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তদন্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক আমলাসহ শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এরই পরিপ্রেক্ষিতে আর্থিক অনিয়ম এবং আন্দোলনে অর্থায়নের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাঁদের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হিসাব জব্দ করা হয়।
ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার।
রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)। এ ছাড়া তালিকায় রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনসহ অনেকে।
এনবিআর সূত্র জানায়, তালিকাভুক্ত ৯৭ ব্যক্তি করদাতার মধ্যে সর্বোচ্চ ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানীতে ১৯, গোপালগঞ্জ সদরে ১৭, টুঙ্গিপাড়ায় ১৫ এবং মুকসুদপুরে ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাবের তথ্য পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা খতিয়ে দেখা হচ্ছে। তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্য পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।