২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও নেমে এসেছে শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সামলাতে না পেরে রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজন বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসাসেবা সংস্থা সামে।
সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকায় সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
অন্যদিকে, বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও একজন বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাইনাল ম্যাচের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও হতাশাজনিত সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়া স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবের তথ্য অনুযায়ী, পরাজয়ের হতাশায় অনেকেই অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েছেন। সমর্থকদের নিজেদের মধ্যে মারামারি এবং পড়ে গিয়ে নাক-মুখ ফেটে যাওয়াসহ বেশ কয়েকটি আহত হওয়ার ঘটনাও রেকর্ড করা হয়েছে।
বিশ্বকাপকে ঘিরে প্রত্যাশার এমন মর্মান্তিক পরিণতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসাসেবা সংস্থাগুলো সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
kalprakash.com/IM