রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে সহযোগিতা করে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দ করা কারেন্ট জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে র্যাব দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
কাল প্রকাশ ডেস্ক 
























