যশোরের শার্শা থেকে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের সাড়ে ৪টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি দল যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে তৌফিকুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৫৩৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় আটক তৌফিকুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
kalprakash.com/IM
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 



















