পঞ্চগড়ের বোদা উপজেলার অমরখানা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্তসংলগ্ন এলাকা থেকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “সীমান্তে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচারসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।
মাহমুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি 





















