দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন সাতজনের মৃত্যু নিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জন। এর মধ্যে ৯১ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে এবং ৫২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে আরও ৬৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৮৬ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেস্ক 























