যশোরের ডিবি পুলিশ শুঁটকি মাছের ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হযরত আলী বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন) যশোরের হামিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার হামিদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে সন্দেহজনক আচরণের কারণে বাসের যাত্রী হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা শুঁটকি মাছের ব্যাগ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
kalprakash.com/SAS
বেনাপোল প্রতিনিধি 

















