ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে সজীব মিয়ার সঙ্গে ওই যুবকের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
এ সময় এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় কয়েকজন যুবক—কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে মাদক কেনাবেচার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এতে সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক ক্ষুব্ধ হন। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১২টার দিকে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোয় প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহত রায়হানের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
kalprakash.com\SAS
অনলাইন ডেস্ক 
























