ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাত গোপনে সামরিক অভিযানে অংশ নিয়েছিল বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুদ্ধের শুরুর দিক থেকে এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন পর্যন্ত ইরানের বিভিন্ন কৌশলগত ও জ্বালানি স্থাপনায় কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে আমিরাত। এসব অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সহায়তা ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালির কৌশলগত দ্বীপ, বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং ইরানের একাধিক জ্বালানি অবকাঠামো। এর মধ্যে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও দ্বীপভিত্তিক তেল শোধনাগারও ছিল।
অন্যদিকে, সংঘর্ষ চলাকালে ইরানের পক্ষ থেকেও আরব আমিরাতের তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এর আগে আমিরাত সরকার এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর জন্য ইরানকে দায়ী করেছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, এই সামরিক সম্পৃক্ততা সৌদি আরবসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন তৈরি করে। একই সময়ে আমিরাত বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনের কাছে অভিযোগও জানায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলের শেষ দিকে আমিরাত ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে আসে এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করে। এছাড়া সংঘাত চলাকালে ইসরায়েল আমিরাতে ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল বলেও দাবি করা হয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

















