বাগেরহাটের চিতলমারি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বড়বাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্র জানায়, একটি চক্র বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল মজুত করে রেখেছে—এমন তথ্য পাওয়ার পর বিষয়টি চিতলমারি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামকে অবহিত করা হয়।
পরে তার নির্দেশনায় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ জাল উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে স্থানীয় লোকজনের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ও পরিবেশবিধ্বংসী জাল ব্যবহার ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 






















