সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ হয়। এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য। যদি সেটা উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে ।
সোমবার (০৪ মে) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে যেন অন্য কারো উপর আমাদের নির্ভরশীল হতে না হয়। দেশ যদি মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হয়, পানিতে ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।
নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের উন্নয়নে সব ধরনের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেখানে ৮০ শতাংশ নারী থাকবে। নারীদেরকে কর্মসংস্থানের জন্য আলাদা করে লালপুর-বাগতিপাড়াতে আলাদা কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।
নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে অনেক মাংস হয়। তাই মিট প্রসেসিং জোন করাটা আমাদের জন্য খুব জরুরী। আমাদের উৎপাদিত ফসল অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। আমরা একটা সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি। পুরো নাটোরের উন্নয়নের জন্য। আমরা এলাকাভিত্তিক মানুষের কর্মসংস্থান করবো। বাইরে থেকে মানুষ না নিয়ে এসে এলাকার মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায় সেটা আমরা করবো।
পরে উপজেলা চত্বরে মানবিক সহায়তা জিআর কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৬০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ, ২০টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ এবং ৩ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি 






















