সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা–মহানগরে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায়ও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর ঢাকা কলেজেও নতুন বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলটির নেতারা জানান, সংগঠনের কাঠামোকে আরও সক্রিয় ও গতিশীল করতেই এ ব্যাপক পরিবর্তন ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























