প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও উল্লেখ করা হয়।
নোটিশ প্রেরণকারী আইনজীবী দাবি করেন, উক্ত বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবেও মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
এদিকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খানের চেম্বারের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























