ক্রিকেটারদের ফিটনেসের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লাঞ্চ মেন্যুতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে আলুর ভর্তা ও গরুর মাংসের মতো ভারী খাবার থাকলেও এবার সেই অভ্যাসে পরিবর্তন আসছে।
আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, ক্রিকেটারদের স্বাস্থ্য ও ফিটনেস ঠিক রাখতে লাঞ্চে এখন থেকে ফিটনেস-সম্মত খাবার রাখা হবে। তিনি বলেন, ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্য হঠাৎ করে পুরো খাদ্যাভ্যাস বদলানো সহজ নয়, তবে ধীরে ধীরে স্বাস্থ্যকর রান্নার দিকেই যেতে হবে।
তামিম আরও জানান, জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের ক্রিকেটাররা ইতোমধ্যে তুলনামূলক স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হলেও ঘরোয়া ক্রিকেটে এটি বাস্তবায়ন করতে সময় লাগবে। তবে লক্ষ্য থাকবে এমন খাবার সরবরাহ করা, যা ফিটনেসের জন্য উপযোগী।
এদিকে নতুন এই উদ্যোগের ফলে খাবার সরবরাহ নিয়ে ক্লাবগুলোর বাড়তি দায়িত্বও কমছে। আগে প্রতিটি ক্লাব নিজেদের খেলোয়াড়দের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করত।
আগামী ৪ মে শুরু হতে যাওয়া ডিপিএলকে সামনে রেখে বিসিবি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ভেন্যুতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব এবং সেই লক্ষ্যেই মাঠে পর্যাপ্ত মেডিকেল সাপোর্ট থাকবে।
স্মরণ করিয়ে দিয়ে তামিম জানান, বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন একবার তিনি নিজেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তখন অ্যাম্বুলেন্সের গুরুত্ব কতটা তা তিনি নিজ অভিজ্ঞতায় বুঝেছেন।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























