রুদ্ধশ্বাস এক লড়াই শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ কিংসমেন। দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে নবাগত দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।
শুক্রবার (১ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। জবাবে ইসলামাবাদ থামে ৭ উইকেটে ১৮৪ রানে।
শুরুর ধাক্কা সামলে হায়দরাবাদের হয়ে দারুণ ইনিংস খেলেন উসমান খান। মাত্র ৩১ বলে অপরাজিত ৬০ রান করেন তিনি। এছাড়া কুশল পেরেরা ২১ বলে ৩৭, সাইম আইয়ুব ২৭ বলে ৩৮ এবং অধিনায়ক মার্নাস লাবুশেন ৩২ বলে ৩৯ রান যোগ করেন।
ইসলামাবাদের হয়ে ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ, ক্রিস গ্রিন ও রিচার্ড গ্লিসন একটি করে উইকেট শিকার করেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করলেও মাঝপথে চাপে পড়ে ইসলামাবাদ। ডেভন কনওয়ে ৩০ এবং শাদাব খান ২২ রান করেন। পরে মার্ক চ্যাপম্যান ২৬ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন। হায়দার আলীর ১৬ বলে ৩১ রানের ঝড়ো ক্যামিও ম্যাচে উত্তেজনা বাড়ায়।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। হুনাইন শাহের করা সেই ওভারে প্রথম তিন বলে আসে মাত্র ১ রান। চতুর্থ বলে আউট হন ফাহিম আশরাফ। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান, কিন্তু ইসলামাবাদ নিতে পারে মাত্র ১ রান।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























