দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন খুলনা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।
এছাড়া নতুন শনাক্ত হওয়া ১ হাজার ৪৩৫ জনের মধ্যে ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























