শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:০৭:৫৩

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশটি ২ জুলাই স্বাক্ষরিত হলেও শনিবার (৪ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ (Bangladesh University Progressive Teachers Society) নামের একটি টেলিগ্রাম গ্রুপে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রশাসনের দাবি, ওই সভায় তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বক্তব্য দেন এবং নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা ও বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন। এ-সংক্রান্ত ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ৪৩(৪) এবং Jatiya Kabi Kazi Nazrul Islam University Employees (Efficiency & Discipline) Statutes অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান বলেন, “গত সপ্তাহে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান ছুটিতে থাকায় আমি দায়িত্ব পালন করেছি। তবে আজ সরকারি ছুটির দিন হওয়ায় এ বিষয়ে দাপ্তরিক কোনো বক্তব্য দিতে পারছি না।”

সাময়িক বরখাস্তের বিষয়ে যোগাযোগ করা হলে সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমার হাতে চিঠিটি এখনো পৌঁছায়নি। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করব না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তিনি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড-সংশ্লিষ্ট একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়েছেন বলে আমাদের নজরে এসেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিস্তারিত কমেন্টে