কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) এ ঘটনা ঘটে।
সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কলেজ পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।
কলেজ সূত্রে জানা যায়, সকালে তিনি সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে যান। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে ঘিরে প্রতিবাদ জানান।
পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীরা মাঠে বসে পড়ে এবং স্লোগান অব্যাহত রাখে। পরে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিজের কার্যালয়ে নিয়ে যান।
পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, এতে আরও উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশের সঙ্গে আলোচনার পর এমপি আমির হামজা ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এমপি আমির হামজাকে অবরুদ্ধ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
kalprakash.com/SS