চীনের রাজধানী বেইজিং সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের দুই দলের প্রতিনিধি দল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সিনেটররাই এই প্রতিনিধি দলে ছিলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে মূলত চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির চীন সফরের পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হলো।
এর একদিন আগে একই শহরে ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাগচি। ওই বৈঠকে ওয়াং ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে দ্রুত বন্ধ করার আহ্বান জানান এবং এটিকে অবৈধ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি সংকট সমাধানে আলোচনাভিত্তিক কূটনীতির ওপর গুরুত্ব দেন।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, বিশ্লেষকরা মনে করছেন আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র তৎপরতা বাড়িয়েছে।
চীন সফররত মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইন্স বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক সম্মান ও স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
এই সফরকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অঙ্গনে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 






















