শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৭:৫২

তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৩৫
শেয়ার: mail
তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরে বৃষ্টির তোড়জোড় কম থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর প্রভাবে দিনে তো বটেই, রাতেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী। তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও বাস্তবে গরম অনুভূত হচ্ছে এর চেয়ে অনেক বেশি। গরমের তীব্রতার সঙ্গে বিদ্যুৎ চলে গেলে ঘরে টেকা দায় হয়ে পড়ছে; স্বস্তির খোঁজে অনেককেই বারান্দায় বসে রাত কাটাতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে ৭৪, রংপুরে ৮৫, ময়মনসিংহে ৭৫, সিলেটে ৭৯, খুলনায় ৮০ এবং বরিশালে ৭৪ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়। বর্তমানে দেশজুড়ে বাতাসে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৭০ থেকে ৮৫ শতাংশের মধ্যে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমানে দেশে দক্ষিণমুখী বাতাস বইছে। বৃষ্টিহীন আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। শরীরে ঘাম হলেও তা সহজে শুকাচ্ছে না। যার ফলে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হচ্ছে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অতিরিক্ত আর্দ্রতার কারণে এই তীব্র অস্বস্তি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্ষাকালে টানা বৃষ্টি না হলে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতি বেড়ে যায়। আবার পরিবেশে সুপ্ত তাপ জমা থাকার ফলে বৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে না, বরং অনেক সময় অস্বস্তি আরও বাড়ে।

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, দিনের বেলায় বাতাসের আর্দ্রতা ৬০ শতাংশের বেশি হলে গরমের অনুভূতি বাড়াতে সাহায্য করে। বর্তমানে বাতাসের গতিবেগও তুলনামূলক কম, যার ফলে পরিবেশের তাপ ও জলীয় বাষ্প দ্রুত সরে যেতে পারছে না। এতে গরমের ভাব আরও তীব্র হচ্ছে। এছাড়া জ্বালানি পোড়ানো, ডিজেল, রেফ্রিজারেটর, এয়ার কুলারসহ নগরজীবনের নানাবিধ কর্মকাণ্ডের কারণে ঢাকায় তাপ জমে থাকছে। এর সঙ্গে দক্ষিণ এশিয়ায় তুলনামূলক কম বৃষ্টিপাতের প্রভাবও যুক্ত হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তর আশ্বস্ত করে জানিয়েছে, দেশের সব বিভাগেই বৃষ্টির দেখা মিলবে। শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী

বিস্তারিত কমেন্টে