বাংলা সিনেমার বর্ষীয়সী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। বিশেষ করে মায়ের চরিত্রে তাঁর অভিনয় ছিল অসামান্য। গুণী এই অভিনেত্রী এখন হাসপাতালে। ১৩ দিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন তিনি।
জানা গেছে, রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেত্রী। তিনি ভাইরাসজনিত অসুখে ভুগছেন। তবে এখন তাঁর অবস্থার উন্নতি হয়েছে।
বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো। সোমবার (১২ অক্টোবর) তাঁর সঙ্গে অভিনেত্রীকে দেখতে গিয়েছিলেন সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও।
ইমরান জানান, প্রথম দিকে খালেদা আক্তার কল্পনার অবস্থা গুরুতর ছিল। চার-পাঁচ দিন তিনি কথাও বলতে পারেননি। তবে এখন অনেকটা সুস্থ তিনি। এ সপ্তাহের মধ্যেই বাসায় ফিরতে পারবেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পর্দার ‘মা’।
ইমরান বলেন, ‘আমাদের দেখে আন্টি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তাঁরা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ সব সময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
প্রসঙ্গত, গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে সিনেমায় অভিষেক হয় খালেদা আক্তার কল্পনার। পরবর্তী সময়ে পার্শ্বচরিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে। বহু সিনেমায় তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
তবে এখন আর নিয়মিত অভিনয় করেন না খালেদা আক্তার কল্পনা। সুস্থ থাকলে মাঝে মাঝে নাটকে অভিনয় করেন। বড় পর্দায় সর্বশেষ তাঁকে ‘তছনছ’ সিনেমায় দেখা গেছে।
kalprakash.com/IM