চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। তবে সেমিফাইনালের পর ঘটে যাওয়া এক ঘটনার কারণে বড় দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।
সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে আর্সেনাল। ম্যাচ শেষে এমিরেটস স্টেডিয়ামে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে বিতর্ক শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, অ্যাতলেতিকোর ডিফেন্ডার মার্ক পুবিল আর্সেনাল খেলোয়াড়দের উদযাপনের সময় আচমকা পেছন থেকে ভিক্টর গিয়োকেরেসকে ধাক্কা দেন। এ সময় কাছেই ছিলেন ক্রিস্তিয়ান মস্কেরা ও গ্যাব্রিয়েল জেসুস।
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন মস্কেরা, তবে জেসুস উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে তাকে পুবিলের মুখে আঘাত করতে দেখা যায়। পরে মাইলস লুইস-স্কেলি ও ডেকলান রাইস দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুবিলকে টানেলের দিকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি তদন্ত করছে উয়েফা। ম্যাচ ডেলিগেটের প্রতিবেদনের ভিত্তিতে ডিসিপ্লিনারি প্যানেল পুরো ঘটনাটি পর্যালোচনা করবে। যদি জেসুসের আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসেবে প্রমাণিত হয়, তাহলে তিনি ফাইনালে নিষিদ্ধ হতে পারেন।
পুরো ম্যাচে অবশ্য বেঞ্চেই ছিলেন জেসুস। তবে মাঠের বাইরে উত্তেজনা ছড়িয়েছে ব্যাপকভাবে।
এদিকে ম্যাচ চলাকালীন অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে আর্সেনালের ট্রান্সফার প্রধান আন্দ্রেয়া বের্তার উত্তপ্ত বাক্যবিনিময়ও নজর কাড়ে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সীমিত সুযোগ পেলেও নকআউট পর্বের প্রতিটি ধাপে দলে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন ফাইনালে তার অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে উয়েফার সিদ্ধান্তের ওপর।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি। প্রিমিয়ার লিগ শেষ করেই ইউরোপের শিরোপা লড়াইয়ে নামবে মিকেল আরতেতার দল।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























